*জাফরুল্লাহ`র কাছে ক্ষমা চেয়েছেন বিএনপি`র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক জিয়া। গতকাল টেলিফোনে ডা. জাফরুল্লাহ`র কাছে তারেক জিয়া ক্ষমা প্রার্থনা করেন বলে বিএনপি`র একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।*
*সম্প্রতি ডা. জাফরুল্লাহ একটি অনুষ্ঠানে তারেক জিয়া সম্বন্ধে কিছু কথা বলতে গেলে ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা বাধা দেন এবং তাকে রীতিমত অপমানিত করেন। এটির পর বিভিন্ন মহল থেকে ক্ষোভ, প্রতিবাদ এবং উদ্বেগ প্রকাশ করা হয়। বিএনপি`র মধ্যেও এটি নিয়ে সমালোচনা হয়।*






*ডা. জাফরুল্লাহ একজন বিএনপি`র শুভাকাঙ্ক্ষী বুদ্ধিজীবী হিসেবে পরিচিত। কিন্তু তার প্রতি ছাত্রদলের এহেন আচরণ সমালোচনার মুখে পড়ে। এটিতে বিএনপি`র অবস্থা আরও নাজুক হয়ে পড়ে।*
*এরকম প্রেক্ষাপটেই গতকাল তারেক জিয়া ডা. জাফরুল্লাহকে টেলিফোন করেন বলে জানা গেছে। জাফরুল্লাহ`র শারীরিক খবর নেন এবং ওই দিনের ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দুর্ভাগ্যজনক বলে তারেক জিয়া যারা এটা করেছে তাদের পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করেন। তবে এ ব্যাপারে ডা. জাফরুল্লাহ কোনো মন্তব্য করতে রাজি হননি।*














